সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Spread the news

২৮ জুন : সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী রাস তানুরায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আরামকোর মালিকানাধীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা ১৪ আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

তবে নিহতরা আরামকোর কোন বিভাগের কর্মী ছিলেন বা হেলিকপ্টারটি কী উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হবে না। এদিকে, জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি কেন্দ্র। প্রায় চার মাস বিরতির পর সম্প্রতি এখানকার তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। এর মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা দেশটির জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *