পুলিশবাহিনীর উপর বন্দুকবাজদের হামলা, ডিএসপি-সহ নিহত ১১, আহত ১২

Spread the news

১১ নভেম্বর : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশবাহিনীর উপর বন্দুকবাজদের অতর্কিত হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও এক সাব-ইনস্পেক্টর-সহ অন্তত ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন পুলিশকর্মী। বুধবার এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবৈধ সোনার খননকার্য বন্ধ করতে অভিযান চালানোর উদ্দেশ্যে পুলিশবাহিনী কোহাটের গাম্বাত এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জলন্ধর বান্দা এলাকায় তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা।

পাহাড়ের চূড়া থেকে পুলিশবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারীরা। আকস্মিক এই হামলায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পুলিশের পাঁচটি মোবাইল গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কোহাট পুলিশের মুখপাত্র মহম্মদ নওমান জেব জানান, হামলাকারীরা লাগাতার গুলি চালাতে থাকায় পুলিশবাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়।

রেসকিউ ১১২২ সূত্রে জানানো হয়েছে, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আহত ১২ জন পুলিশকর্মীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে গাম্বাতের ডিএসপি হায়দার জামান এবং সাব-ইনস্পেক্টর মুখতিয়ার রয়েছেন।

হামলার ভয়াবহতা বিবেচনা করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশবাহিনী ও একাধিক যান পাঠানো হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *