সোম ও মঙ্গলবার শ্রীভূমিতে বাদ পড়া শিশুদেরকে ঘরে ঘরে পালস পোলিও

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ জুন :
রবিবার শ্রীভূমি জেলার ২ লক্ষ ৮ হাজার ২৬৪ টি শিশুকে পালস পোলিও খাওয়ানোর সূচনাকরা হয়। করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলা কমিশনার (স্বাস্থ্য), লালরোহলু খিয়েংটে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক, ডাঃ শুভাশিস দাস, জেলা টিকাকরণ আধিকারিক, হানিফ মহম্মদ, জেলা কর্মসূচি ব্যবস্থাপক, এনএইচএম, এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা কমিশনার (স্বাস্থ্য) বলেন, পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে ওরাল পোলিও ভ্যাকসিন (ওপিভি) প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান, যেন তাঁরা তাঁদের শিশুদের অবশ্যই এই টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসেন এবং ভারতকে পোলিওমুক্ত রাখার এই জাতীয় উদ্যোগকে সফল করতে সহযোগিতা করেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রবিবার জেলার ১০৩২ টি নির্ধারিত পালস পোলিও বুথে বুথ-ভিত্তিক টিকাকরণ কর্মসূচি পরিচালিত হয়। সোমবার ও মঙ্গলবার, দুই দিন স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত দল—আশা কর্মী, এএনএম, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যেসব শিশু রবিবার বুথে গিয়ে টিকা নিতে পারেনি, তাদের টিকাকরণ নিশ্চিত করবেন, যাতে কোনও যোগ্য শিশু টিকাদান থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, অসম সরকার, শ্রীভূমি জেলা সকল অভিভাবক ও অভিভাবিকাদের প্রতি আবেদন জানিয়েছে, তাঁরা যেন স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন এবং পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী পোলিও টিকা প্রদান নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *