চেন্নাইয়ের রাস্তায় আচমকা ধস, ১০ ফুট নীচু গর্তে পড়ল গাড়ি

Spread the news

৯ অক্টোবর : চেন্নাইয়ের আইটি করিডর রাজীব গান্ধী সালাই (আইটি এক্সপ্রেসওয়ে)-এর টাইডেল পার্কের কাছে একটি রাস্তায় বৃহস্পতিবার আচমকাই ধসে পড়ে। ওই রাস্তায় চেন্নাই মেট্রো রেল কর্তৃপক্ষের একটি কাজ চলছে। আচমকা ধসের ফলে একটি গাড়ি ১০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সূত্রের খবর, অ্যাডিয়ার থেকে তারমানির দিকে যাচ্ছিল গাড়িটি। ইতিমধ্যে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আচমকা রাস্তা ধসে পড়ায় ওই গাড়িটি গর্তে পড়ে উল্টে যায়। গাড়িতে চালক ছাড়া একজন পুরুষ ও এক জন মহিলা ছিলেন। দুর্ঘটনা দেখে স্থানীয় মানুষ এগিয়ে আসেন যাত্রীদের উদ্ধার করতে। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ জানায়, ড্রাইভার সামান্য আহত হলেও গাড়ি উল্টে যাওয়ার আগেই বাকি দু’জন বেরিয়ে এসেছিলেন। গর্তে পড়ে যাওয়া গাড়িটিও ক্রেনের সাহায্যে তুলে আনা হয়েছে। বর্তমানে বিপজ্জনক গর্তটি কংক্রিট দিয়ে ভরাট করার কাজ চলছে। তবে হঠাৎ কি কারণে রাস্তা ধসে গেল তা স্পষ্ট করে জানান নি তাঁরা। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ।

যদিও চেন্নাই মেট্রো রেল কর্তৃপক্ষ এখনও অবধি নিশ্চিত জানানি, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে। বর্তমানে টাইডেল পার্কের কাছে মেট্রো রেলের যে কাজ চলছে, আচমকা এই ধসের পেছনে তার কোন যোগ রয়েছে কি না তাও স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, মেট্রোর পাইপ লাইনের কাজ বেশ কিছু দিন আগেই শেষ হয়েছে। বর্তমানে ওই এলাকার লোকজন ও নিত্যযাত্রীদের রাস্তায় সতর্ক ভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কোন ঘটনা ঘটলে পুর-কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানাতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *