১৪ মার্চ : প্রযুক্তি সংস্থা মেটায় বড় ধরনের ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জ়াকারবার্গের নেতৃত্বাধীন সংস্থা, কর্মীসংখ্যা প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করছে। এই কর্মী ছাঁটাইয়ের মূল লক্ষ্য খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কেন্দ্রিক বিনিয়োগের জন্য সংস্থাকে আরও প্রস্তুত করা।
রিপোর্ট অনুযায়ী, এই ছাঁটাইয়ের ফলে প্রায় ১৬ হাজার কর্মী প্রভাবিত হতে পারেন। তবে ঠিক কবে এই ছাঁটাই হবে, তা এখনও নির্ধারিত হয়নি। ছাঁটাইয়ের নির্দিষ্ট সংখ্যাও এখনও চূড়ান্ত হয়নি বলে সূত্রের দাবি।
রয়টার্সকে সংস্থার একাধিক সূত্র জানিয়েছে, মেটার শীর্ষ কর্তারা ইতিমধ্যেই সংস্থার বিভিন্ন সিনিয়র আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। কর্মী সংখ্যা কীভাবে কমানো যায়, সেই পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে তাঁদের। তবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এটি সম্পূর্ণ অনুমানভিত্তিক রিপোর্ট। সম্ভাব্য কিছু তাত্ত্বিক পদ্ধতি নিয়ে জল্পনা করা হয়েছে।’
মেটার সাম্প্রতিক নথি অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংস্থায় প্রায় ৭৯ হাজার কর্মী কাজ করছিলেন। যদি ২০ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রায় ১৬ হাজার চাকরি ঝুঁকিতে পড়তে পারে।
এটি বাস্তবায়িত হলে, ২০২২ সালের শেষ এবং ২০২৩ সালের শুরুতে ঘোষিত ‘ইয়ার অফ এফিসিয়েন্সি’-র পর এটিই হবে মেটার সবচেয়ে বড় ছাঁটাই। ২০২২ সালের নভেম্বর মাসে মেটা প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল, যা সে সময় সংস্থার মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ ছিল। তার প্রায় চার মাস পরে আরও ১০ হাজার চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করা হয়।
এ দিকে গত এক বছরে জেনারেটিভ AI ক্ষেত্রে মেটার উপস্থিতি আরও জোরালো করতে চাইছেন সংস্থার সিইও মার্ক জ়াকারবার্গ। এই লক্ষ্যে এই সংস্থা নতুন ‘সুপারইন্টেলিজেন্স’ টিম গঠন করেছে এবং শীর্ষ AI গবেষকদের দলে টানতে বিপুল বেতনের প্রস্তাব দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, কিছু AI বিশেষজ্ঞকে চার বছরের চুক্তিতে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিকের অফার দেওয়া হয়েছে। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টার তৈরিতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
খবর : এই সময় অনলাইন।



