মাত্র ১১ মাসে কোরান হিফজ, উধারবন্দের আফসরকে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : মাত্র ১১ মাসে কোরান সম্পূর্ণ হিফজ সম্পন্ন করে বিশেষ কৃতিত্ব অর্জন করল কাছাড় জেলার উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসার ১৫ বছর বয়সি ছাত্র আফসর হোসেন চৌধুরী। তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার-পরিজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আফসর দয়াপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা খসরুজ্জামান চৌধুরী ওরফে সেবুলের পুত্র।

আফসরের এই অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানাতে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি সেলিম আহমেদ লস্কর, প্রাক্তন জিপি সভাপতি রাহুল বড়লস্কর, কমিটির সদস্যবৃন্দ, আফসরের বাবা ও কাকারা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে সভাপতি সেলিম আহমেদ লস্কর গামছা পরিয়ে আফসরকে সম্মানিত করেন।

অন্যদিকে, রাহুল বড়লস্কর মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ফুলাম গামছা ও একটি কোরান শরীফ উপহার দেন। উপস্থিত বিশিষ্টজনেরা আফসরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। গুয়াহাটিতে অবস্থানরত মাদ্রাসার সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী ফোনে আফসরের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি আফসরকে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২৭ ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক এনামি জলসায় তাঁকে বৃহত্তর পরিসরে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান। অনুষ্ঠানের শেষে মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *