২৬ অক্টোবর : ইরানের বিরুদ্ধে আপাতত কোনও সামরিক অভিযান চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় ইরানে হামলা চালানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, কোনো হামলা হবে না।’
এর আগে রবিবার দিনের প্রথম ভাগে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্যে একই দিনে ইরানে হামলার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এটাই এখন মূল প্রশ্ন।
এদিকে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না।

এর আগে গত শনিবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো কিংবা দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে গত জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি।
এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে সামরিক হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।



