সুপ্রিয়া পাল “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং নারী সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শিলচরের বিশিষ্ট সমাজকর্মী সুপ্রিয়া পাল-কে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে। আগামী ৩১শে মে ২০২৬, গুয়াহাটির চাত্রিবাড়িস্থ লোহিয়া লায়ন্স গৌহাটি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হবে।

শিলচরের প্রেমতলার এলিট কমপ্লেক্স এলাকার বাসিন্দা সুপ্রিয়া পাল দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি “Shivalay NGO”-এর মাধ্যমে অসহায়, দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে বন্যা ত্রাণ, বৃদ্ধাশ্রমে সেবা, রক্তদান শিবির, বিশুদ্ধ পানীয় জল বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতা কর্মসূচিতে তাঁর অবদান অত্যন্ত প্রশংসনীয়।

করোনা মহামারীর কঠিন সময়ে শিবালয় এনজিওর উদ্যোগে বহু অসহায় মানুষের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এছাড়াও নারী ও কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সমাজে হিংসার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত ইতিবাচক ও মানবিক।

সামাজিক কাজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও মানবিক অনুষ্ঠানে তাঁর নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ তাঁকে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ভাষা শহিদ দিবস, রবীন্দ্র জয়ন্তী, পয়লা বৈশাখ, রক্তদান কর্মসূচি সহ একাধিক অনুষ্ঠানে “Shivalay NGO”-এর কার্যক্রম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এছাড়াও রূপম এনজিও তাঁকে Founder President হিসেবে আমন্ত্রণ জানায়, যা তাঁর সামাজিক নেতৃত্বের এক বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নেতাজি ছাত্র যুব সংঘের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিবালয় এনজিওকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য তিনি “Best Women Award” সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

“যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া এমন ব্যক্তিত্বদের সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুপ্রিয়া পালের এই মনোনয়নে শিলচর তথা বরাক উপত্যকার সমাজসেবী মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *