বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক মহলে আজ উৎসবের আবহ। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এই ঐতিহাসিক অনুষ্ঠানকে ঘিরে গুয়াহাটির খানাপাড়া এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভিভিআইপি ও ভিআইপি-র আগমনে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা।
তবে এই কড়া নিরাপত্তার মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। শপথ গ্রহণস্থলীর নিকট থেকে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ রাউন্ড সক্রিয় গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছে কীভাবে গুলি এল এবং তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।



