ভাঙ্গা বাজারে ডাম্পারের ধাক্কায় মৃত্যু দিনমজুরের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গা বাজার এলাকায় জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দিনমজুর। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় নিহত হন লামাজোয়ার জিপির গুয়ারিগ্রাম গ্রামের বাসিন্দা বেলাল আহমদ (৪৫)। তিনি প্রয়াত আব্দুল মান্নান (মনাই মিয়া)-এর পুত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার ভোরে বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বেলাল আহমদ। সকাল প্রায় সাড়ে ৬টার সময় ভাঙ্গা বাজার সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়কে বাড়ি ফেরার পথে এনএল-০১ একে-৪০৯৪ নম্বরের একটি দ্রুতগতির ডাম্পার পিছন থেকে তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ডাম্পারটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, চালকের বেপরোয়া গাড়ি চালানো, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কি না এবং গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত বেলাল আহমদের পরিবারে স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্র রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় নিজ গ্রামে শতাধিক মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *