বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের গুলিবর্ষণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় এখনও গুলির লড়াই চলছে।
এদিকে, চাসাদ কুকি গ্রামে হামলার ঘটনায় এনএসসিএন-আইএম (NSCN-IM) এবং শান ন্যাশনাল আর্মির (SNA) জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি, সংঘর্ষে অসম রাইফেলসের দুই জওয়ান আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। প্রাণভয়ে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন বহু বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে বাড়িঘরে অগ্নিসংযোগ এবং হতাহতের সমস্ত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
রাজ্যে নতুন করে জাতিগত সংঘর্ষের আবহে চাসাদের এই ঘটনায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। ঘটনার বিস্তারিত তথ্য এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।




