হিজাব না পরে মঞ্চে নাচ-গান, গায়িকাকে ৭৪ ঘা চাবুক ইরান সরকারের, বিশ্ব জুড়ে নিন্দার ঝড়

Spread the news

২৪ নভেম্বর : মঞ্চে গাইছেন ইরানি গায়িকা পরাস্তু আহমেদি। পরনে কালো স্লিভলেস গাউন। কিন্তু মাথায় হিজাব নেই। চুল খোলা। সেই ‘অপরাধে’ সাজা ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে সোমবার ইরানের কোম শহরের আদালতে গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারলেন জল্লাদ। এই ঘটনায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

নিজের ইউটিউব চ্যানেলে ২৭ মিনিটের একটি ভিডিয়ো আপলোড করেছিলেন পরাস্তু। সেখানে হিজাব ছাড়া গাইতে দেখা যায় তাঁকে। মঞ্চে ছিলেন তাঁর দলের পুরুষ গায়করাও। পরাস্তু গাইছিলেন ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ (দেশের তরুণদের রক্ত ​​থেকে)। যার জেরে এহেন শাস্তির মুখে পড়তে হলো গায়িকাকে। এই ভিডিয়ো ইরান সরকারের নজরে আসতেই গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরাস্তর বিরুদ্ধে আনা হয় ‘প্রকাশ্যে অশ্লীলতা’ এবং ‘অনৈতিক কাজের প্রচার’ চালানোর অভিযোগ।

তবে, শুধু চাবুক মেরেই থেমে থাকেনি ইরান সরকার। পরাস্তু এবং তাঁর দলের উপরে ২ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, আগামী ২ বছর বিদেশেও যেতে পারবেন না তাঁরা। ইরানের সংবাদমাধ্যম ‘এমতেদাদ’-কে গায়িকার আইনজীবী মোস্তফা নিলি বলেন, ‘আমরা সাজা কমানোর চেষ্টা করেছিলাম। কিন্তু কাজ হয়নি।’ তবে তিনি পাঁচ জনের হয়েই মামলা লড়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।

২০২২-এ হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনির গ্রেপ্তারি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ইরান। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পরে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ইরানের মহিলারা নেমে আসেন রাস্তায়। সেই বিদ্রোহ দমন করলেও বাধ্যতামূলক হিজাব নিয়ম নিয়ে বিতর্ক এখনও থামেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *