বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : নিখোঁজ হওয়ার পর বাড়ির সামনের নালা থেকে উদ্ধার হলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী নাজনিন নেহার লস্করের নিথর দেহ। মঙ্গলবার সকালে হাইলাকান্দি জেলার স্বপনপুরের কুমার পাড়ায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে মক্তবে পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ছোট্ট নাজনিন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। পরে বাড়ির সামনের নালায় তল্লাশি চালিয়ে স্থানীয় বাসিন্দারা তার নিথর দেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নালা পারাপার করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে, এই ঘটনার পর এলাকায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নালা পারাপারের জন্য এলাকায় কোনও নিরাপদ সেতু নেই। প্রতিদিন একটি বৈদ্যুতিক খুঁটির ওপর ভরসা করেই অত্যন্ত ঝুঁকি নিয়ে নালা পারাপার করতে হয় সাধারণ মানুষকে। বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।

খবর পেয়ে প্রশাসনের উপস্থিতিতে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটলিছড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ছোট্ট নাজনিনের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পারাপারের ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন সেখানে একটি নিরাপদ সেতু নির্মাণ করা হয়নি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনার পর এবার কি প্রশাসনের টনক নড়বে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে।



