ড্রেন সংস্কারকাজ পরিদর্শন, উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা চাইলেন রাজদীপ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচরের বিবেকানন্দ রোডে চলমান ড্রেন সংস্কারকাজ ও জলজট সমস্যার বাস্তব চিত্র খতিয়ে দেখতে শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে।

পরিদর্শন শেষে বিধায়ক স্থানীয় সর্বজনীন দুর্গামণ্ডপে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সেখানে চলমান কাজের কারণে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা স্থানীয়রা তাঁর সামনে তুলে ধরেন। এলাকাবাসী বিধায়ককে গামছা পরিয়ে সংবর্ধনাও জানান।

ডাঃ রায় জানান, বৃহত্তর বিবেকানন্দ রোড এলাকার ড্রেন সংস্কারকাজ অতি দ্রুত সম্পন্ন করা হবে এবং দীর্ঘদিনের জমে থাকা জলের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি এবং সম্মিলিত প্রচেষ্টাতেই উন্নয়ন সম্ভব।

এদিনের পরিদর্শনে জেলা প্রশাসনের এডিসি, পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সুমনা দাস, পুলক দাস এবং শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *