ফোনে কথা বলার সময় অসাবধানতায় সড়ক থেকে গভীর খাদে তরুণী, মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ জুন : লুংসেন নর্থ এলাকার বাসিন্দা লিয়ানসাংপুই (২২) বুধবার রাত প্রায় সাড়ে ১০টার সময় তুইপাং ও থেইরির মাঝামাঝি একটি গভীর খাদে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লিয়ানসাংপুই ১৭ জুন লুংলাই থেকে একটি মহিন্দ্রা ম্যাক্স গাড়িতে করে তুইপাংয়ে মালপত্র পৌঁছে দিতে যান। মালপত্র নামিয়ে তুইপাং থেকে লুংলাই ফেরার পথে থেইরি পৌঁছানোর প্রায় ২ কিলোমিটার আগে গাড়িটি রাস্তার পাশে থামে। সে সময় অন্যরা প্রাকৃতিক প্রয়োজনে গেলে, ঘুম না আসায় লিয়ানসাংপুইও মোবাইল ফোন ব্যবহার করার জন্য গাড়ি থেকে নেমে রাস্তার ধারে হাঁটতে যান।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি রাস্তার পাশের খাদে পড়ে যান। ঘটনার সময় তিনি তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর চালক ও সহকারী কর্মী দ্রুত তুইপাং এবং থেইরি শাখার এমটিপি নেতৃবৃন্দকে বিষয়টি জানান। পরে অনুসন্ধান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১২০ মিটার নিচে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর প্রায় আড়াইটার সময় মরদেহটি খাদ থেকে তুলে আনা হয়।পরবর্তীতে মরদেহ থেইরি এমটিপি হলে রাখা হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ নিজ গ্রাম লুংসেনে পাঠিয়ে দেওয়া হয়।
সূত্র : Zawlbuk Daily News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *