আশাবাড়িতে বিএসএফের উপর চোরাকারবারী ও জনতার হামলা, আহত কোম্পানি কমান্ডারসহ একাধিক জওয়ান

Spread the news

বিএসএফের সরকারি গাড়ি ভাঙচুর, উত্তপ্ত বক্সনগর-রহিমপুর সড়ক; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অতিরিক্ত বাহিনী মোতায়েন

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ত্রিপুরার সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি এলাকায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর উপর চোরাকারবারী ও স্থানীয় কিছু লোকের হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ২ নভেম্বর বক্সনগর-রহিমপুর সড়কে সংঘটিত এই হামলায় বিএসএফের সহকারী কমান্ড্যান্ট তথা কোম্পানি কমান্ডার রোহিত কুমারসহ একাধিক জওয়ান আহত হয়েছেন। হামলাকারীরা বিএসএফের একটি সরকারি গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফের ৪৯তম ব্যাটালিয়নের একটি দল আশাবাড়ি বর্ডার আউটপোস্ট ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের কাছাকাছি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় হেফজুর রহমান নামে এক স্থানীয় ব্যক্তি ঝোপঝাড় পরিষ্কারের আড়ালে সীমান্তের নিরাপত্তাবিধি লঙ্ঘনের চেষ্টা করেন বলে অভিযোগ। বিএসএফ জওয়ানরা তাঁকে বাধা দিলে পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারী ও তাদের মদতপুষ্ট কিছু লোক একত্রিত হয়ে বক্সনগর-রহিমপুর সড়ক অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ৪৯তম ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট রোহিত কুমারসহ অতিরিক্ত জওয়ানরা। কিন্তু উত্তেজিত জনতার একাংশ তাঁদের উপর হামলা চালায় এবং সরকারি গাড়িতে ভাঙচুর করে।

হামলায় রোহিত কুমার, গাড়িচালক সুনীল কুমার এবং জওয়ান মনজিতসহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার ত্রিপুরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় বিএসএফ ও স্থানীয়দের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তরক্ষী জওয়ানদের উপর হামলার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *