বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে, বিদায় উরুগুয়ের

Spread the news

২৭ জুন : প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ল কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের পর এবার সৌদি আরবকেও রুখে দিয়ে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। হিউস্টনে শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। বল দখলের লড়াইয়ে দুই দল সমানতালে খেললেও আক্রমণে ছিল কেপ ভার্দের স্পষ্ট আধিপত্য। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে চাপে রাখলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা।

প্রথমার্ধে উইলি সেমেদোর জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওওয়াইস। আরেকটি সুযোগ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে, কোনো সংঘর্ষ ছাড়াই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সৌদি ডিফেন্ডার হাসান আল তামবাকতি।
বিরতির পর কেভিন পিনার দূরপাল্লার শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের শেষ দিকে লারোস দুয়ার্তে একক প্রচেষ্টায় গোলের দারুণ সম্ভাবনা তৈরি করলেও আবারও আল ওওয়াইসের দৃঢ়তায় বেঁচে যায় সৌদি আরব।

অন্য ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় উরুগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে আলেক্স বায়েনার তুলনামূলক দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে জালে জড়িয়ে যায়। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্পেন।

আগেই নকআউট নিশ্চিত করা স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ৩২এ উঠেছে। আর উরুগুয়ের পরাজয়কে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অভিষিক্ত কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়ে তারা নকআউটে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *