বরাক তরঙ্গ, ২ মে : নগাঁও জেলার ডাকরঘাটে এক অনন্য উদ্যোগের মাধ্যমে জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের বিশাল প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। ডাকরঘাট জুবিন ফ্যান ক্লাবের উদ্যোগে নির্মিত এই প্রতিমূর্তিটি শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রায় ৮.৫ ফুট উচ্চতার এই প্রতিমূর্তিটি নির্মাণ করেছেন ধিঙের ভাস্কর শিল্পী উৎপল কলিতা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
জানা গেছে, ডাকরঘাট হাইস্কুলের খেলার মাঠের পাশে ‘জুবিন ক্ষেত্র’-এ প্রতিমূর্তিটি স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন নগাঁও জেলার জেলা আয়ুক্ত দেবাশিস শর্মা। উদ্বোধনী বক্তব্যে জেলা আয়ুক্ত এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পীর প্রতি অনুরাগীদের এমন উদ্যোগ সমাজে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এলাকার শতাধিক জুবিন অনুরাগীর পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।



