ভোটগণনা ঘিরে প্রশাসনের কড়া প্রস্তুতি : জেলা আয়ুক্ত

Spread the news

মোহাম্মদ জনি শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মে : আগামী ৪ মে অনুষ্ঠিতব্য ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন। শনিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক  সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতির কথা জানান জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশসুপার নীলা দোলে, নির্বাচন আধিকারিক রৌশন আলম সহ  প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বৈঠকে নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ভোট গণনার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভুলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নজরদারি এবং পর্যায়ক্রমিক পর্যবেক্ষণের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে নির্ভুলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মোবাইল ফোন ও ব্যাবহারের ক্ষেত্রে বাদ্যবাদকতা নিয়ে বিস্তার আলোচনা করা হয়।

এছাড়াও, গণনা চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে একাধিক কৌশলগত পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে জেলা আয়ুক্ত জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই প্রতিটি ধাপ পরিচালিত হবে এবং গণনার পুরো প্রক্রিয়া থাকবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ।


এ দিকে, গণনা প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও শহরে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যান বাহন নিয়ন্ত্রণ শাখা থেকে শ্রীভূমি শহরে যান বাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুসারে ৪ মে, সোমবার সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের ছন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে অর্থাৎ স্টেশন রোডে সব ধরণের যান বাহন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে সব ধরণের যান বাহন সন্তর বাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাস পট্টি, পূর্ব বাজার, চর বাজার, বিপিন পাল রোড হয়ে মেইন রোডে চলাচল করবে। পাশাপাশি, এওসি পয়েন্ট থেকে যান বাহন সুভাস নগর সড়ক, টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ, হাসপাতাল রোড, থানা রোড হয়ে মেইন রোডে চলাচল করবে। গণনার দিন কমার্শিয়াল ভেহিকল- এলএমভি ও প্রাইভেট ভেহিকল ম্যাজিক ট্রাক, ফোর জিরো সেভেন মিউনিসিপ্যাল এলাকার ভিতরে চলাচল করতে পারবে না। সুভাস নগর ও সন্তর বাজারের রাস্তায় ওয়ান ওয়ে থাকবে। শিলচর থেকে আসা গাড়ী ও নিলাম বাজার দিক থেকে আসা গাড়ী সুভাস নগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরা বাজার ইত্যাদি থেকে আসা গাড়ী গুলো সন্তর বাজার, চর বাজার হয়ে যাবে। এছাড়া ৪ মে, সোমবার করিমগঞ্জ কলেজের সম্মুখের সড়কের ও ফুটপাথের দুই পাশে কোন ধরণের দোকান না বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে শ্রীভূমি জেলা পুলিশের যান বাহন নিয়ন্ত্রণ শাখার নির্দেশিকা মেনে চলতে আহ্বান জানানো যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *