বরাক তরঙ্গ, ১৫ মে : কর্মসূত্রে বহিরাজ্যে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন উধারবন্দের এক যুবক। নিখোঁজ যুবক হলেন উধারবন্দ থানার অন্তর্গত দয়াপুর গ্রান্ট এলাকার বাসিন্দা প্রয়াত ঝিলু রীর পুত্র রূপক রী ঝিলুরার (৩০)। রূপক রীর নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে দুর্গানগর ভাঙ্গাবস্তির বাসিন্দা গুসড়া গোয়ালার বিরুদ্ধে বুধবার উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন রূপকের স্ত্রী সনিতা রী।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপকের মা জানান, গত ৭ মে কেরলমে কাজের উদ্দেশে গুসড়া গোয়ালা ও তার আরও এক সঙ্গী তাদের বাড়ি থেকে রূপককে নিয়ে যায়। পরে শিলচর থেকে ট্রেনে করে কেরলমের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকেই রূপকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে নিখোঁজ হওয়ার পিছনে গুসড়া গোয়ালার হাত থাকতে পারে বলে তাদের সন্দেহ। একইসঙ্গে তিনি তার ছেলে রূপক রীকে দ্রুত খুঁজে বের করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উধারবন্দের বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন।



