২২ জুলাই : সংসদ ভবনের অভিমুখে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে উত্তাল হল আদালত কক্ষ। ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযান চলাকালীন সংঘাতের ঘটনায় কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে চার সপ্তাহের মধ্যে জবাব পেশের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) । প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুলিশি অভিযানের সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি ও আনুসঙ্গিক নথিপত্র অবিলম্বে সংরক্ষণ করতে হবে।
বুধবার শুনানির শুরুতে আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা কাঠগড়ায় তোলেন দিল্লি পুলিশকে। সিনিয়র আইনজীবী এন হরিহরণ ও বিকাশ সিং সওয়াল করেন, শান্তিপূর্ণ জমায়েত ও প্রতিবাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি পেরেক লাগানো লাঠি, টিয়ার গ্যাস ও বিদ্যুৎবাহী ব্যাটনের মাধ্যমে ৯০ জনেরও বেশি আন্দোলনকারীকে রক্তাক্ত করার অভিযোগ ওঠে। পোশাকে ব্যাজহীন সাদা পোশাকের পুলিশ কর্মীরা মহিলা বিক্ষোভকারীদের ওপর শারীরিক নিগ্রহ চালিয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে, সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিবাদের স্থান থেকে অপসারণের বিষয়টি তুলে ধরে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে প্রথম পদক্ষেপ হিসেবেই অকাতরে টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে। এমনকি আন্দোলনকারীদের ফাঁসাতে আগে থেকেই ইট-পাথর ভর্তি গাড়ি এনে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।



