বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : বেহাল সোনাই-সোনাবাড়িঘাট পূর্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার ধনহরিতে সড়কের পাশে অবস্থান ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন ভুক্তভোগী জনগণ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পূর্ত বিভাগের কোনও কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে তাঁদের দাবির প্রতি সাড়া না দেওয়ায় ক্ষোভ আরও বাড়ে। এরপর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাই পুলিশ। পরে আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত তিন বছর ধরে সোনাই-সোনাবাড়িঘাট পূর্ত সড়কের কোনও সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবিতে সরব থাকলেও সংশ্লিষ্ট বিভাগের কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশেষে রবিবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সড়ক অবরোধের মাধ্যমে।






