অল আসাম মাস্টার্স যোগা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার কাটিগড়ার সাংবাদিক সানু চৌধুরীর

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : অল আসাম মাস্টার্স যোগা প্রতিযোগিতায় পুরুষদের ৫০ ঊর্ধ্ব বিভাগে তৃতীয় স্থান অধিকার করে কাটিগড়া তথা কাছাড় জেলার গৌরব বৃদ্ধি করলেন সাংবাদিক সানু চৌধুরী।

১৫ নভেম্বর কার্বি আলং জেলার ডিফুতে কার্বি আলং জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে অনুষ্ঠিত হয় এই যোগা প্রতিযোগিতা। এতে অসমের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৪০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডিফুর বিধায়ক বিদ্যা সিং ইংলেং, পদ্মশ্রীপ্রাপ্ত সংগীতশিল্পী পখিলা লেখপি, সীমা রংহংপি, নরেশ টেরন, বিষ্ণু নুনিসা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অসম মাস্টার্স গেমসের কর্মকর্তা ও আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতায় সফল বিজয়ীরা জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। উল্লেখ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে জাতীয় মাস্টার্স গেমস।

এদিকে, সানু চৌধুরীর এই সাফল্যে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড -সহ বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং যোগার ক্ষেত্রে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *