বাঁশের সাঁকো পেরিয়েই প্রতিদিনের যাত্রা! কয়েক দশকেও মেটেনি দুর্ভোগ কাটিগড়া ময়নারপারের জনগণের

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : উন্নয়নের নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা শোনা গেলেও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এখনও কার্যত বিচ্ছিন্ন জগদীশপুর ময়নারপার। কয়েক দশক ধরে একটি স্থায়ী সেতু ও চলাচলের উপযোগী রাস্তার অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। তাঁদের যাতায়াতের একমাত্র অবলম্বন গ্রামবাসীদের উদ্যোগে তৈরি একটি বাঁশের সাঁকো।

প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের। এমনকি অসুস্থ রোগীদেরও চিকিৎসার জন্য এই সাঁকো পার করেই নিয়ে যেতে হয়। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে কিংবা রাতের অন্ধকারে পারাপারের সময় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। ফলে নিরাপদ যাতায়াতের অভাবে প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হচ্ছে এলাকার মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের এই সমস্যার কোনও স্থায়ী সমাধান না হওয়ায় একসময় নিজেদের উদ্যোগেই বিকল্প ব্যবস্থা গড়ে তোলেন গ্রামবাসী। কাটিগড়ার বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ব্যক্তিগতভাবে প্রদান করা ১০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণ করা হয় বাঁশের সাঁকোটি। বর্তমানে সেটিই প্রায় ৫০টি পরিবারের যাতায়াতের প্রধান ভরসা। তবে অস্থায়ী এই ব্যবস্থার উপর নির্ভর করে আর কতদিন চলতে হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়।

বাসিন্দাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে অতীতে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, খলিল উদ্দিন মজুমদার-সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।

এদিকে, বর্তমান পরিস্থিতিতে আর আশ্বাসের অপেক্ষায় থাকতে চাইছেন না জগদীশপুর ময়নারপারের বাসিন্দারা। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাটিগড়ার বিধায়কের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

এলাকাবাসীর বক্তব্য, তাঁদের দাবি বিলাসিতার নয়, বরং নিরাপদে দৈনন্দিন জীবনযাপনের ন্যূনতম অধিকার। তাই অবিলম্বে এলাকায় পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি একটি স্থায়ী সেতু তৈরির উদ্যোগ নেওয়া হোক। কয়েক দশকের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে জগদীশপুর ময়নারপারের মানুষকেও উন্নত যাতায়াত ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এখন দেখার, দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসানে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *