৮ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন প্রায় ৪০ কোটি ডলারের বিশাল ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। আদালতের পর্যবেক্ষণ, হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক ভবনে বড় ধরনের স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত এককভাবে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আওতায় পড়ে না।
শুক্রবার ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট এই রায় দেয়। আদালত জানিয়েছে, হোয়াইট হাউসে বড় ধরনের পরিবর্তন বা নতুন স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা রয়েছে। প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। রায়ে প্রেসিডেন্টের দায়িত্বের সাময়িক চরিত্রের কথাও উল্লেখ করা হয়েছে। আদালতের মতে, প্রত্যেক প্রেসিডেন্টকে মনে রাখতে হবে যে তাঁরা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন; তাঁরা ভবনটির মালিক নন। তাই ঐতিহাসিক এই ভবনে বড় ধরনের স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নির্বাহী বিভাগের একক এখতিয়ারে হতে পারে না।
ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুটের একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বড় ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তবে প্রকল্পের কাজ শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।
এই বিষয়টির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। সংগঠনটির অভিযোগ, ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে নতুন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
এর আগে গত এপ্রিল মাসে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন প্রকল্পটির নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এবার ফেডারেল আপিল আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখল।
তবে এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ দিতে আপিল আদালত বর্তমান আদেশটি ১৪ দিনের জন্য স্থগিত রেখেছে। রায় ঘোষণার পরপরই হোয়াইট হাউস বা মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



