ই-অটো থেকে উদ্ধার ১৫ হাজার টাকার শব্দবাজি

Spread the news

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : অবৈধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ। গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি হাইস্পিড ইলেকট্রিক টুকটুক থেকে ১৫ হাজার টাকারও বেশি মূল্যের শব্দবাজি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস। তাঁর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন এসআই অভিরূপ দাস।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে কুমারঘাট থেকে সোনাইমুড়ির দিকে একটি হাইস্পিড ইলেকট্রিক টুকটুকে করে শব্দবাজি নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে ওঠে। খবরের ভিত্তিতে ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন টুকটুকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শব্দবাজির আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকারও বেশি বলে জানিয়েছেন ওসি সঞ্জয় দাস।

এদিকে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওসি সঞ্জয় দাস জানান, একই রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাসামগ্রী এবং শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। নেশাসামগ্রী উদ্ধারের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, অবৈধ সামগ্রী পরিবহণ ও নেশাদ্রব্যের কারবার রুখতে কুমারঘাট থানার পুলিশের এই ধারাবাহিক অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় মহল। ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে এবং এসআই অভিরূপ দাসের তৎপরতায় পুলিশের এই সাফল্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *