১২ মে : যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে ইরানের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের প্রতিনিধিদের পাঠানো জবাব তাঁর কাছে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মনে হয়েছে।
এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের পাল্টা জবাব পাঠিয়েছিল তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কবে বা কীভাবে পুনরায় পুরোপুরি চালু হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত ইস্যুতে আলোচনা শুরুর আগে সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর জবাবে তেহরান যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানি তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞাসহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।



