অভিষেকের বাড়ির সামনে বুলডোজ়ার, দখলমুক্ত ফুটপাথ

Spread the news

১২ নভেম্বর : আগেই দেওয়া হয়েছিল পুরসভার নোটিস। এবার সেই নোটিসের ভিত্তিতে বুলডোজ়ার চালিয়ে কালীঘাটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাথ দখলমুক্ত করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকেই ১২১ নম্বর বাড়ির সামনে শুরু হয় পুরসভার উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরসভার কর্মী, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কালীঘাটের পটুয়াপাড়ায় সাংসদের বাড়ির সামনের ফুটপাথের একাংশ দখল করে বেআইনিভাবে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছিল। পাশাপাশি ফুটপাথের উপর বসানো হয়েছিল একটি লোহার গেট। এর ফলে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নেয় পুরসভা।
বৃহস্পতিবার সকালে বুলডোজ়ার দিয়ে প্রথমে ভেঙে ফেলা হয় ফুটপাথের উপর থাকা বাঁশ ও টিনের অস্থায়ী কাঠামো। পরে নির্মাণের যাবতীয় সামগ্রী সরিয়ে নিয়ে যান পুরসভার কর্মীরা। একই সঙ্গে বাড়ির সীমানা প্রাচীরের বাইরে ফুটপাথের উপর বসানো অতিরিক্ত লোহার গেটটিও আয়রন কাটার দিয়ে কেটে সরানোর ব্যবস্থা করা হয়। অভিযানের পর পরিষ্কার করা হয় ফুটপাথ।

অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য গোটা এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কালীঘাট থানার পুলিশ ছাড়াও বিভিন্ন থানা থেকে আসা পুলিশকর্মী, কমব্যাট ফোর্স, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। বাড়ির সামনে ও পিছনের রাস্তাতেও ছিল কড়া নিরাপত্তা। পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা নির্ধারিত সময় অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন।

উল্লেখ্য, এই অস্থায়ী কাঠামো নিয়ে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, ফুটপাথের উপর বাঁশ ও টিনের ছাউনি তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। পথচারীদের চলাচলে নানাভাবে বিঘ্ন ঘটছিল। অবশেষে বৃহস্পতিবার পুরসভার অভিযানে সেই অস্থায়ী কাঠামো সরিয়ে ফুটপাথ দখলমুক্ত করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *