বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : একদল লোকের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন আফাজ উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে গঙ্গাপুর-নাগাটিলা ফেরিঘাটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ আফাজ উদ্দিন নিয়াইরগ্রাম ফুলজান তিমুখা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁকে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে দৌড়ে ফেরিঘাটে পৌঁছে একটি লঞ্চে উঠে পড়েন তিনি। কিন্তু ধাওয়াকারীরাও লঞ্চে উঠে পড়লে আত্মরক্ষার আর কোনও উপায় না দেখে মাঝনদীতে ঝাঁপ দেন আফাজ। এরপরই তিনি নদীর জলে তলিয়ে যান।

ঘটনার পর ঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন নদীতে তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




