১২ নভেম্বর : ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় এবার বৃষ্টির পানিতে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। দীর্ঘ অবকাঠামোগত ক্ষতির কারণে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। সম্প্রতি টানা ১২ ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে অন্তত ৭০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের তাঁবু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে একই ছিঁড়ে যাওয়া ও জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছেন গৃহহীন ফিলিস্তিনিরা। মাঠপর্যায়ে সরেজমিনে দেখা গেছে, এসব তাঁবু বৃষ্টি ও ঠান্ডা বাতাস প্রতিরোধে একেবারেই অক্ষম। মায়েরা অত্যন্ত আকুল কণ্ঠে জানিয়েছেন, রাতের আঁধারে প্রচণ্ড ঠাণ্ডায় শিশুদের উষ্ণ রাখার মতো কোনও ব্যবস্থা না থাকায় তারা সন্তানদের বুকে জড়িয়ে ধরে রাত পার করছেন।

জরুরি ত্রাণ সহায়তা প্রদানকারী বিভিন্ন আন্তর্জাতিক এনজিও ও স্থানীয় সংস্থাগুলো জানিয়েছে, এই বিপুল সংকট মোকাবেলার মতো পর্যাপ্ত সরঞ্জাম বা সম্পদ তাদের হাতে নেই। তার ওপর ইজরায়েল কর্তৃক জরুরি আশ্রয়সামগ্রী গাজায় প্রবেশে বাধা প্রদান করায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তিতে গাজাবাসীকে নানা ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সহায়তার অভাবে খোলা আকাশের নিচে অনাহারে ও শীতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ।



