১২ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার (Kishtwar) জেলার গভীর জঙ্গল থেকে দুই বিশেষ পুলিশ আধিকারিকের (Special Police Officers) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা তাঁদের অপহরণের পর হত্যা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জড়িত সন্ত্রাসবাদীদের শনাক্ত ও পাকড়াও করতে গোটা এলাকায় বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে

নিহত দুই পুলিশ কর্মী ঋষিপাল (Rishipal) এবং ববি চাঁদ (Bobby Chand) পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সদস্য ছিলেন। বুধবার বিকেলে তাঁরা কিয়ার দচ্ছন থেকে ইন্দরওয়ান অঞ্চলের বসনানে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দলকে অব্যাহতি দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ দেহরনা বনাঞ্চলে গুলির শব্দ শোনা যায় এবং একই সময়ে এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও বিঘ্নিত হয়।

সূত্রের খবর অনুযায়ী, যে স্থান থেকে তাঁরা নিখোঁজ হন, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দচ্ছন জঙ্গলে তাঁদের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। দুজনের শরীরেই একাধিক গুলির আঘাত রয়েছে এবং তাঁদের কাছে থাকা অস্ত্র নিখোঁজ রয়েছে। ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ও এসওজি দল এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।



