১২ মে : মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি দিল ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধার মুখে পড়তে হতে পারে।
ইরানের সামরিক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যেসব দেশ মার্কিন সামরিক অবস্থান বা নীতিকে সমর্থন করবে, তাদের বাণিজ্যিক জাহাজকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে। তেহরানের এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এ অঞ্চলে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই বিভিন্ন সময়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর সামনে এসেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামেও।



