বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিণ মিশন এনজিও’ এর উদ্যোগে রবিবার লায়লাপুর হইতে সোনাবাড়িঘাট অংশ জুড়ে নির্মীয়মাণ ভারতমালা প্রকল্পের অধীনস্থ রাস্তার পাশে বৃক্ষ রোপণ কার্য্যসূচী পালিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বরাক গ্রিণ মিশন এনজিও-র তরফে গ্রহণ করা মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নর্থ আরাধনপুর আপগ্রেডেড এলপি স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন লস্কর বলেন, রাজঘাটের বরাক গ্রিণ মিশন এনজিও বৃক্ষ রোপণ কর্মসূচির মতো যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তারজন্য এনজিও-র প্রতিজন কর্মকর্তা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদের পাত্র । আগামীদিনে এই এনজিও বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির- মসজিদ, দেবালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির মতো মহতী উদ্যোগ নেবে। তিনি বলেন পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের প্রতিনিয়ত বৃক্ষ রোপণ করতে হবে। একটি গাছ বড় হয়ে শুধু যে আমাদের অক্সিজেন দেয় তা নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণ অত্যন্ত প্রয়োজনীয়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব শুধু একা এনজিও-র কর্মকর্তাদের দায়িত্ব নয়, এই দায়িত্ব আমাদের প্রতিজন সচেতন নাগরিককে নিতে হবে, মন্তব্য করেন শিক্ষাবিদ জালাল উদ্দিন লস্কর।

এদিকে, অসম সরকার ‘বৃক্ষ বন্ধু প্লেনটেশন ড্রাইভ’ এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত গুলিতে বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজনের যে নির্দেশ জারি করেছেন সেটাকে এক যুগান্তকারী তথা প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্কর। তিনি জানান আমরা আজ ভারতমালার রাস্তায় প্রায় চারশত চারাগাছ রোপণ করেছি এবং এই কর্মসূচি চলতেই থাকবে।
এদিনের বৃক্ষ রোপণ কর্মসূচিতে সভাপতি আক্তার হোসেন লস্করের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক সুদীপ বিশ্বাস, সদস্য গৌরমণি বর্মণ, প্রীতেন্দু বর্মণ, রিজু আহমেদ লস্কর, আমির হোসেন লস্কর, নর্থ আরাধনপুর আপগ্রেডেড এলপি স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন লস্কর প্রমুখ।



