বরাক তরঙ্গ, ৩ মে : অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনাকে ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিল কাছাড় জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে ৪ মে-কে কেন্দ্র করে জেলাজুড়ে একাধিক কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, ভোট গণনার দিন কিছু দুষ্কৃতী গোষ্ঠী অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় জেলা শাসক আয়ুষ গর্গ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জারি করেছেন।
নির্দেশ অনুযায়ী, লাঠি, বর্শা, দাও-সহ যে কোনও ধরনের অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি বাজি, বিস্ফোরক বা শব্দ ও রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে—এমন কোনও বস্তু বিক্রি, ক্রয় বা ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আতঙ্ক বা বিভ্রান্তি এড়াতে খেলনা বন্দুক ও পিস্তলসহ নকল অস্ত্র ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
ফলাফল ঘোষণার পর সম্ভাব্য উত্তেজনা রুখতে বিজয় উদযাপনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের কোথাও কোনও রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের বিজয় মিছিল, জনসমাবেশ বা উৎসবমূলক কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না।
পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় এই নির্দেশ একতরফাভাবে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিক ও রাজনৈতিক মহলের কাছে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।



