শিলচরে সাংবাদিকদের সংবর্ধনা ‘জন সম্প্রীতি’ সংগঠনের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মে : বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে সাংবাদিকদের সংবর্ধনা জানালো ‘জন সম্প্রীতি’ সংগঠন। রবিবার সকালে শিলচর ইন্ডিয়া ক্লাবের এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে শহরের বিশিষ্ট সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সমাজকর্মী ও সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দেব। সংক্ষিপ্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সম্মান জানান সংগঠনের মুখ্য উপদেষ্টা বিমলেন্দু রায়, উপদেষ্টা ও আইনজীবী গীতন নাথ, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক দেবদুলাল মালাকার বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এই সমস্যাগুলির সমাধান হলে সাংবাদিকরা আরও নির্ভুলভাবে সমাজের কাছে তথ্য তুলে ধরতে সক্ষম হবেন।

সাংবাদিক বিক্রম সরকার বলেন, জ্ঞান অন্বেষণ ও তথ্য আদান-প্রদানের স্বাধীনতা জনস্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত। গণতন্ত্রে সাংবাদিকদের ‘প্রহরী’ হিসেবে অভিহিত করা হয়, কারণ জনগণকে সচেতন করা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনমত গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বাধীন গণমাধ্যম নাগরিকদের সচেতন সিদ্ধান্ত গ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে সহায়তা করে বলেও তিনি জানান।

মুখ্য উপদেষ্টা বিমলেন্দু রায় বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় শুধু সংবাদমাধ্যম নয়, সাধারণ মানুষেরও সমান দায়িত্ব রয়েছে। নির্ভরযোগ্য তথ্যের প্রতি আস্থা রাখা, স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়া এবং ভুয়ো তথ্যের বিরুদ্ধে সচেতন হওয়া—এই সবই একটি সুস্থ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানে আইনজীবী গীতন নাথ, রিম্পি দে, মনিকা মণ্ডল, নিরূপণ দেব, সুব্রত দাস, রাজেশ্বর দাস, গোবিন্দ শুক্লবৈদ্য, মৃণাল শুক্লবৈদ্য সহ সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি জানানো হয় এবং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *