শিলচরে গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামীর বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ; আটক অভিযুক্ত

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুলাই :
শিলচর শহরের দাস কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মৃতার নাম চম্পা দাস (৩৫)। অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসের (৪০) বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনেছে মৃতার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ১১টা পর্যন্ত চম্পা দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিয়ে আসে।

মৃতার ভাইয়ের অভিযোগ, অভিযুক্ত যে সব অভিযোগ চম্পা দাসের বিরুদ্ধে তুলেছেন, সেগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসন ও আদালতের কাছে আবেদন করেছেন।

সূত্রে জানা গেছে, আটক মৃত্যুঞ্জয় দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি ঘটনার জন্য পারিবারিক বিরোধকে দায়ী করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *