মেঘালয়ে STING-এর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে যোগসূত্র মেলেনি

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে STING এনার্জি ড্রিঙ্ক পানের কোনও সরাসরি কারণগত সম্পর্ক পাওয়া যায়নি। এই মর্মে সরকারি তদন্তের পর মেঘালয় কমিশনারেট অব ফুড সেফটি রাজ্যজুড়ে STING-এর বিক্রি, মজুত ও বিতরণের ওপর জারি করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করেছে।
মেঘালয়ের ফুড সেফটি কমিশনার ১৫ আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ জারি করেন। এর আগে ১৪ আগস্ট স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং শিক্ষার্থীর মৃত্যুর সঙ্গে STING পানীয় সেবনের কথিত যোগসূত্রের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কমিশনারেটের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ফুড সেফটি অফিসার ঘটনাটি তদন্ত করে ১৪ আগস্ট রিপোর্ট জমা দেন। তদন্তে STING এনার্জি ড্রিঙ্ক সেবন এবং শিক্ষার্থীর মৃত্যুর মধ্যে কোনও কারণগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

তদন্ত রিপোর্ট ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর নিষেধাজ্ঞা বহাল রাখার মতো যথেষ্ট কারণ খুঁজে পায়নি ফুড সেফটি কমিশনারেট। ফলে পানীয়টির বিক্রি, মজুত ও বিতরণের ওপর জারি করা অন্তর্বর্তীকালীন রাজ্যব্যাপী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

তবে কমিশনার স্পষ্ট করে দিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারকে STING বা তার প্রস্তুতকারক সংস্থার জন্য কোনও বিশেষ অনুমোদন, সার্টিফিকেশন কিংবা ইতিবাচক রায় হিসেবে বিবেচনা করা যাবে না।

রাজ্যের সমস্ত ফুড বিজনেস অপারেটরকে ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট এবং সংশ্লিষ্ট নিয়ম, বিধি, নির্দেশিকা ও পরামর্শ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে খাদ্যপণ্যের নিয়মিত নজরদারি, নমুনা সংগ্রহ এবং আইনানুগ নিয়ন্ত্রক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *