‘খোঁজ’-এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’-এর উদ্যোগে রবিবার শিলচরে এক পরিচিতি ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তা সজল লস্করের ভূয়সী প্রশংসা করেন তৈমুর রাজা চৌধুরী।

তিনি বলেন, সম্প্রদায়গত কোনও ভেদাভেদ না করে সজল সকলের জন্য কাজ করে চলেছেন। তাঁকে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা যায়। তাঁর মধ্যে থাকা মহানুভবতা ও উদারতা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘাতের কোনও অবকাশ থাকবে না। তিনি আরও বলেন, সজল একজন ধর্মপ্রাণ মানুষ। ধর্ম পালন করা ভালো, কিন্তু ধর্মান্ধতা কখনওই কাম্য নয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রবি কান্নান ‘খোঁজ’-এর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সংস্থাটি যেভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এদিন নবনির্বাচিত শিলচর পুর নিগমের দুই কাউন্সিলর সাক্ষী বণিক ও সম্পা দেবরায় ধরকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের উদ্দেশে ডাঃ কান্নান বলেন, পুর নিগমের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে দুই কাউন্সিলরকে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

সাক্ষী বণিক তাঁর বক্তব্যে ‘খোঁজ’-এর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে, সম্পা দেবরায় ধরও সংস্থার কাজকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সজল লস্কর সংস্থার অতীতের বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি এবং আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এবার সংস্থার পক্ষ থেকে মোট ২২০০টি কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে কম্বল তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।

এছাড়া সংস্থার ২৫ জন উপদেষ্টাকে উপহার হিসেবে ব্লেজার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, কংগ্রেস নেতা সুজন দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন উদ্দিন লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *