ব্রিজ থেকে ১০০ মিটার নীচে যাত্রিবাহী বাস, মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরাখণ্ডে মৃত ৮, জখম একাধিক

Spread the news

১৭ নভেম্বর : মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা উত্তরখণ্ডের তেহরি জেলায়। মঙ্গলবার ভোরে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার বাজারে ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে গড়িয়ে পড়ে বাসটি। ব্রিজের নীচ থেকে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। সূত্রের খবর, বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ হরিদ্বার থেকে বাসটি ছেড়েছিল। বাসটি চামোরি জেলার কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচের খাদে পড়ে যায় বাসটি। নীচে বয়ে যাচ্ছিল খরস্রোতা নদী। চারপাশে বড় পাথর ও বোল্ডার ছড়িয়ে পড়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নীচের নদীতে পড়ে বাস। দুর্ঘটনার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিতিকা খান্ডেলওয়াল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজের তদারকি করেন তাঁরা।

আহতদের উদ্ধার করে AIIMS ঋষিকেশে নিয়ে যাওয়া হয়েছে। নদীখাতের পাথরের মধ্যে এখনও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রশাসনের। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *