বরাক তরঙ্গ, ২৩ জুলাই : রাজ্যে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই নিপকোর (NEEPCO) দিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের তিনটি গেট খুলে জল ছাড়া হয়েছে। এর জেরে গোলাঘাট-সহ নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকায় নদ-নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, উজান অসমের বন্যা পরিস্থিতির এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বৃহস্পতিবারও শিবসাগর, চরাইদেউ এবং যোরহাট জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। লক্ষাধিক মানুষ বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক বন্যায় ইতিমধ্যেই ৪১ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হওয়ায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যাকবলিত এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শিবসাগর-সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।
নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির প্রভাবে শিবসাগর, চরাইদেউ এবং যোরহাট জেলার বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিছু এলাকায় জল কিছুটা কমলেও অধিকাংশ অঞ্চলে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
এদিকে, বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য বিধানসভার অধিবেশন চলাকালীনই গোলাঘাটের উদ্দেশে রওনা দেন মন্ত্রী বিশ্বজিৎ ফুকন। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে তিনি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করবেন এবং ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করবেন।



