বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়, সমাজ ও সময়কে ভাবারও এক শক্তিশালী মাধ্যম—এই বার্তাকে সামনে রেখে শিলচরে প্রকাশ পেল শৈলেন দাসের প্রথম গল্পসংকলন ‘শুধু গল্প নয়’ এবং ছোট কাগজ ‘প্রতাপ’-এর ২০তম সংখ্যা। রবিবার আশ্রম রোড ও শিশু মন্দির রোডের সংযোগস্থলে সজল ফার্নিচার ও বাবা নাম কেবলম ট্রেডার্সের সহযোগিতায় আয়োজিত এক সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে বই ও পত্রিকার আবরণ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা দূর্বা দেব, রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক সূর্যসেন দেব, ডিস্ট্রিক্ট একাডেমিক সেক্রেটারি তথা শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাইস্কুলের প্রধান শিক্ষক অমল সিংহ, বিশিষ্ট সাংবাদিক তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা এবং প্রাক্তন শিক্ষক নিবাস দাস যৌথভাবে ‘শুধু গল্প নয়’ ও ‘প্রতাপ’-এর ২০তম সংখ্যার আবরণ উন্মোচন করেন।

‘প্রতাপ’-এর দুই দশকের পথচলা উপলক্ষে অনুষ্ঠানে কবি ও সাহিত্যিকদের বিশেষভাবে সম্মানিত করা হয়। নর্ম্যাল স্কুলের অধ্যক্ষ ও কবি মানসী সিনহাকে প্রদান করা হয় ‘বিশিষ্ট গুণীজন সম্মাননা’। পাশাপাশি সোনালী গোস্বামী, কাত্যায়নী দত্ত চৌধুরী, মঙ্গলা দত্ত রিমি, প্রিয়তোষ শর্মা, শিল্পী দেব সাহা, মুন্না নাথ, মঞ্জুরী হীরামণি রায়, সদয় দাস, সুস্মিতা দাস চৌধুরী, অপর্ণা কুমার, রাখু মালাকার, প্রীতি দাস, চয়ন ঘোষ, প্রমিলা দাস, সুজিতা দাস, মুন চক্রবর্তী ও প্রতীক চক্রবর্তীসহ মোট ১৮ জন কবি-লেখককে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের হাতে সদ্য প্রকাশিত গল্পগ্রন্থ ও পত্রিকার কপি তুলে দেওয়া হয়।
শৈলেন দাসের গল্পসংকলন ‘শুধু গল্প নয়’ নিয়ে বিশদ আলোচনা করেন রাধামাধব কলেজের সহকারী অধ্যাপক সূর্যসেন দেব। তিনি গ্রন্থের গল্পগুলির বিষয়বস্তু, ভাষাশৈলী এবং সমাজবাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা ‘প্রতাপ’-এর দীর্ঘ পথচলার পাশাপাশি সম্পাদক শৈলেন দাসের সাহিত্যচর্চা ও সামাজিক ভাবনারও প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূর্বা দেব, অমল সিংহ, উত্তম কুমার সাহা, নিবাস দাস, শতদল আচার্য, রেবতী মোহন দাস, বিরু রঞ্জন নাথ, যোগেন্দ্র চন্দ্র দাস, অর্জুন চন্দ, গৌরহরি দাস, অমিয় ভূষণ চৌধুরী, শিবেন্দ্রচন্দ্র দাস, মৃদুলা ভট্টাচার্য ও মানসী সিনহা প্রমুখ।

অনুষ্ঠানের সূচনায় আগমনী সংগীত পরিবেশন করেন সুরজ কুমার নাথ। পরে মৌসুমী চক্রবর্তী, শাশ্বতী চৌধুরী, শিপ্রা দাস, সুস্মিতা দাস চৌধুরী, সদয় দাস, অপর্ণা কুমার, সুখেন দাস, মুন্না নাথ, প্রীতি দাস, সুরজ শুক্লবৈদ্য, মাম্পি দাস, চয়ন ঘোষ, পায়েল দাস, প্রতীক চক্রবর্তী ও রূপঙ্কর দাস স্বরচিত কবিতা পাঠ করেন।
সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে আয়োজিত অনুষ্ঠানটি শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ তাৎপর্য বহন করে। ‘প্রতাপ’-এর ২০তম সংখ্যা প্রকাশ এবং ‘শুধু গল্প নয়’-এর আত্মপ্রকাশের মধ্য দিয়ে নবীন ও প্রবীণ কবি-লেখকদের সাহিত্যচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রতাপ’-এর সম্পাদক তথা ‘শুধু গল্প নয়’-এর লেখক শৈলেন দাস।

