বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : নগাঁও লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রে অন্তিম দিনে তুমুল নির্বাচনী প্রচার সম্পন্ন করেছে শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ। রবিবার পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় দুই দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। রবিবার বরবরি খেলার মাঠে অনুষ্ঠিত বিজেপির অন্তিম নির্বাচনী প্রচার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। সভায় তিনি বিগত সময়ে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি তার ভাষণে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত ৬০ বছর কংগ্রেস ক্ষমতায় থাকলেও লাহরিঘাটের নদী ভাঙন সমস্যা সমাধান করেনি। তবে জল সম্পদ মন্ত্রী হওয়ার পর আমি প্রথমে লাহরিঘাটের নদী বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি। আপনারা ভোট না দিলেও এখানে সরকারি সব প্রকল্প চালু রয়েছে। তবে এবার যদি আপনারা ভোট না দেন, তাহলে আমি অনেক দুঃখ পাব। এবারের বল আপনার কোর্টে।” এই উপ- নির্বাচনে বিজেপি দলে লাহরিঘাটে করা উন্নয়ন ও সরকারি বিভিন্ন প্রকল্পের কথা বলে উন্নয়ন নামের ভোট ভিক্ষা করা পরিলক্ষিত হয়েছে।

অন্যদিকে, তিনসুকিয়ায় এআইইউডিএফ দলের অন্তিম নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দলের প্রার্থী বদর উদ্দিন আজমল অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তার বক্তব্য রাখেন। তিনি দেবাশিস শর্মাকে উদ্দেশ্য করে বলেন, “দেবাশিস আমাকে ধমকি দিয়েছে, কোর্টে গেছে। আরে দুই দিন পরে তোমাকে আমি এক হাজার কোর্টে পৌঁছে দেব। তোমাকে জেলে না দিলে আমার নাম বদরুদ্দিন নয়।” বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “হিমন্ত বিশ্ব শর্মা তুমি বাংলাদেশ যাও, পীযূষ হাজরিকা তুমি বাংলাদেশ যাও, দেবাশিস শর্মা তুমি বাংলাদেশ যাও, তোমাদের অসমে কোনও স্থান নেই। ইনশাআল্লাহ আমাদের এইখানে স্থান আছে, এইখানে মরবো, আবার এইখানে থেকেই উঠব। এআইইউডিএফ দলের কর্মকর্তারা মুসলমান জাতির স্বার্থ ও সম্মান রক্ষার্থে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এই লোকসভা উপ-নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির নির্বাচনী সভাগুলিতে সংখ্যালঘু মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত লাহরিঘাটে কংগ্রেস দলের একাধিক পঞ্চায়েত জনপ্রতিনিধি সম্প্রতি বিজেপি মিত্র জোটে যোগদান করেন। স্থানীয় ভোটারদের মতে, এই উপ-নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল এবং বিজেপি প্রার্থী দেবাশিষ শর্মার মধ্যে হবে।



