বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ছয় গ্রামবাসীকে নিরাপত্তারক্ষী বাহিনীর আটক করার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে মণিপুরের কাংপোকপি জেলার মোটবুং ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত প্রায় ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ মধ্যরাত পর্যন্ত চলে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এ সময় কয়েকটি সরকারি গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও ওঠে। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পরে নিরাপত্তারক্ষী বাহিনীর হেফাজতে থাকা ছয়জনকে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তাঁদের ‘ভিলেজ ভলান্টিয়ার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর বিক্ষোভও শেষ হয় এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে এক পদস্থ কর্মকর্তা জানান।
সম্প্রতি চাওয়াংকিনিং ও আশপাশের এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে কাংপোকপি অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। সেই পরিস্থিতির মধ্যেই ছয়জনকে আটক করার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়।



