যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে স্পেনের মুখোমুখি বেলজয়াম

Spread the news

৭ জুলাই : বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় রুডি গার্সিয়ার দল। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগালকে হারিয়ে ওঠা স্পেন। বেলজিয়ামের জয়ের নায়ক চার্লস ডি কেটেলার। প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান হ্যান্স ভানাকেন ও বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল সহ-আয়োজক তিন দেশই। এর আগে একই পর্ব থেকে ছিটকে যায় মেক্সিকো ও কানাডা।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় বেলজিয়াম। উল্লেখযোগ্য বিষয় হলো, শুরু থেকেই মাঠে ছিলেন না তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনা, জেরেমি দোকু ও রোমেলু লুকাকু। তবে কোচ রুডি গার্সিয়ার এই কৌশলই শেষ পর্যন্ত সফল প্রমাণিত হয়।

ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলার। ৩০তম মিনিটে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩২ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন ডি কেটেলার।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দূরপাল্লার জোরালো শটে ব্যবধান ৩-১ করেন হ্যান্স ভানাকেন। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রোমেলু লুকাকু।

ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। আগের ম্যাচে লাল কার্ড দেখলেও বিশেষ সিদ্ধান্তে এই ম্যাচে খেলার সুযোগ পান তিনি। বিষয়টি ঘিরে ফিফার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *