বেহাল জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে রামনগরে অভিনব প্রতিবাদ

Spread the news

দীপ দেব, শিলচর। 
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বেহাল জাতীয় সড়ক, খানাখন্দে ভরা রাস্তা আর জলমগ্ন পরিস্থিতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে শিলচরের জীবনরেখা হিসেবে পরিচিত জাতীয় সড়ক ৩৭-এর বেহাল দশা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন্দ্র সরকারের প্রকল্পের অধীনে রাস্তার কাজ চললেও বাস্তবে পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না বলে অভিযোগ। বরং প্রতিদিনই বাড়ছে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ। রাস্তার বিভিন্ন স্থানে জল জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনা ও মানুষের আহত হওয়ার ঘটনাও নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে।

একাধিকবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান না মেলায় শেষ পর্যন্ত অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন স্থানীয় বাসিন্দারা। সমাজকর্মী প্রসেনজিৎ দেবের নেতৃত্বে রবিবার রামনগরে ভাঙাচোরা ও জলমগ্ন রাস্তার উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তাঁরা। রাস্তার বেহাল অবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়। শুধু প্রতিবাদই নয়, ওই রাস্তায় আটকে পড়া যানবাহন উদ্ধারে দীর্ঘক্ষণ সহযোগিতার হাতও বাড়িয়ে দেন প্রতিবাদীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রসেনজিৎ দেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে রাস্তা সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ পথে দীর্ঘদিন ধরে এমন বেহাল পরিস্থিতি বজায় থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে। এখন দেখার, প্রতিবাদের পর সাত দিনের সময়সীমার মধ্যে রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *