দাসকলোনিতে দুঃসাহসিক চুরি, ঘুমন্ত পরিবারকে ঘরে আটকে সোনার গয়না ও নগদ টাকা লুট

Spread the news

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : শহরের দাসকলোনিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদয়ন কমপ্লেক্সের দ্বিতীয় নম্বর লেনের ২৫ নম্বর বাড়িতে শনিবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। প্রয়াত কবি-সাংবাদিক বিমলকান্তি দাসের ভাড়া বাড়িতে হানা দিয়ে চোরের দল সোনার গয়না ও নগদ পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।

পরিবারের জামাতা রাজদীপ রায় জানান, রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে জানালার গ্রিল খুলে চোরের দল ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর পাশের কোঠায় ঘুমিয়ে থাকা তাঁর শাশুড়ি ও দুই শ্যালিকাকে বাইরে থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখে। পরে আলমারির চাবি সংগ্রহ করে লকার খুলে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *