
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বৃহত্তর কটামণি এলাকার পরিচিত মুখ, প্রাক্তন ফুটবলার তথা শিক্ষক শঙ্কর ঘোষের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রবিবার ভোর সাড়ে তিনটা নাগাদ কটামণি বাজারস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫০ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
প্রয়াত শঙ্কর ঘোষ স্ত্রী, এক পুত্র, দুই ভাই, এক বোন-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ।
শিক্ষকতার পাশাপাশি কটামণির ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি ছিল শঙ্কর ঘোষের। কটামণি আয়োময় ক্লাব, পাথারকান্দি ইনস্টিটিউট স্পোর্টস ক্লাব-সহ বিভিন্ন দলের হয়ে ফুটবল খেলেছেন তিনি। জেলা পর্যায়ের ফুটবল লিগে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও কৃতিত্ব অর্জন করেছিলেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেন প্রাক্তন ফুটবলার আব্দুল মান্নান, শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মৃণাল কান্তি দাস-সহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর বড় ভাই ব্যবসায়ী মনোজ ঘোষের মৃত্যু হয়। পরপর দুই সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। এদিন দুপুরে কটামণি কালীবাড়ি সংলগ্ন লঙ্গাই নদীর তীরবর্তী শ্মশানে ধর্মীয় রীতিনীতি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।




