২২ নভেম্বর : উত্তরপ্রদেশের সাহারানপুরে এক চরম বিভ্রান্তির জেরে সুপ্রিম কোর্টের বিচারপতির বদলে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিল পুলিশ। শনিবার সার্কিট হাউসের প্রবেশপথে ঘটা এই অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে দেশের শীর্ষ আদালতের এক বিচারপতির পৌঁছনোর কথা ছিল। প্রোটোকল মেনে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে পুলিশকর্মীদের একটি দল প্রস্তুত ছিল। তবে বিচারপতির কনভয় আসার আগেই সেখানে উপস্থিত হন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সঙ্গে থাকা একাধিক গাড়ি ও নিরাপত্তাবাহিনীর বহর দেখে পুলিশকর্মীরা তাঁকেই বিচারপতি মনে করে বসেন এবং স্যালুট দিয়ে গার্ড অফ অনার দেন।
ওয়েইসি নিজেও সেই মুহূর্তে পুলিশকর্মীদের নির্দেশ অনুযায়ী দাঁড়িয়ে অভ্যর্থনা গ্রহণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুল বুঝতে পারেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওয়েইসি জানান, পুলিশকর্মীরা তাঁকে সেখানে দাঁড়াতে বলায় তিনি দাঁড়িয়েছিলেন; পুরো বিষয়টি কীভাবে ঘটল তা তিনি নিজেও বুঝে উঠতে পারেননি।

পুলিশ সুপার (সিটি) ব্যোম বিন্দল ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য রাখা গার্ড অফ অনার অসাবধানতাবশত রাজনৈতিক নেতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) ঘটনাটির বিভাগীয় তদন্তের দায়িত্ব দিয়েছেন গ্রামীণ পুলিশ সুপারকে। তদন্তে কোনও গাফিলতি প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষে আজাদ সমাজ পার্টির নেতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ (Samajik Parivartan Morcha) গঠনের পর সাংগঠনিক কর্মসূচিতে সাহারানপুর গিয়েছিলেন ওয়েইসি। কিন্তু সার্কিট হাউসের এই অদ্ভুত কাণ্ড পুলিশের নজরদারি ও সমন্বয় নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।



