বরাক তরঙ্গ, ১১ আগস্ট : দুর্দান্ত জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করলো আয়ান এফসি। মঙ্গলবার ধলাইর বিএনএমপি এইচএস স্কুলের খেলার মাঠে প্রতিপক্ষ লোকনাথপুর এফসি-কে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
এদিন প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে থাকে আয়ান এফসি । স্ট্রাইকার সোলোমোরা আয়ান এফসি-র হয়ে জোড়া গোল করেন, খেলার ২ ও ২৭ মিনিটে। প্রথমার্ধের লিডে উজ্জীবিত আয়ান এফসি দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে এবং সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে লোকনাথপুর দল। কিন্তু দু’দলই দ্বিতীয়ার্ধের খেলায় গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে নেয় আয়ান এফসি দল। প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় লোকনাথপুর দলকে। উল্লেখ্য এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন আয়ান এফসি দলের খেলোয়াড় সোলোমোরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মণ।

এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও নুংশিতম্বী সিংহ। বুধবার ‘এ’ গ্রুপ থেকে প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় তাহের এফসি সপ্তগ্রাম ও আইমা রক্স শিলচর পরষ্পরের মোকাবিলা করবে।
উল্লেখ্য, মাতৃভূমি কাপে প্রথমবারের মতো মহিলা লাইনম্যান হিসেবে খেলা পরিচালনা করেন নুংশিতম্বী সিংহ।



