দরঙের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বাঁধ মেরামতি ও ত্রাণে জোর

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : উজান অসমের চারটি জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনার পর এবার দরঙ জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি নওয়া নদীর বন্যার জলে ক্ষতিগ্রস্ত ও ভেঙে যাওয়া বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। বাঁধ মেরামতির কাজ সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকাও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে নদীভাঙন ও মথাউরি ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ভিত্তিতে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি কুলশী নদীর জলে ক্ষতিগ্রস্ত মথাউরির অবস্থাও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।

এ সময় মুখ্যমন্ত্রী বলেন, বন্যার কারণে সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি জানান, জলসম্পদ বিভাগের চলমান মেরামতির কাজ পরিদর্শন করা হয়েছে এবং ভবিষ্যতে বাঁধ আরও শক্তিশালী করে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সরকারি নীতি ও নিয়মের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাধিক সম্ভব সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, মন্ত্রী নীলিমা দেবী এবং বিধায়ক পরমানন্দ রাজবংশী।

বাঁধ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঔতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত একটি বন্যা ত্রাণ শিবিরে যান। সেখানে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন তিনি। একই সঙ্গে শিবিরে আশ্রিতদের জন্য কী ধরনের খাবার সরবরাহ করা হচ্ছে, তা-ও খতিয়ে দেখেন।

বন্যার্তদের জন্য প্রস্তুত করা রান্না করা খাবারও সরেজমিনে পরীক্ষা করেন মুখ্যমন্ত্রী। শিবিরে আশ্রয় নেওয়া মানুষের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ খাবার পরীক্ষা করার ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, দরঙের বন্যা শিবিরে আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষের জন্য প্রস্তুত খাবার তিনি পরীক্ষা করেছেন। শিবিরে পরিবেশিত খাবার সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি তার পুষ্টিমানও নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *